চট্টগ্রামে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০), আব্দুর রহিম (১৯) ও ১৬ বছরের এক কিশোর।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, নবম শ্রেণির শিক্ষার্থী ও এক কিশোরী গতকাল দুপুরে পাহাড়ি এলাকায় ঘুরতে যায়। সেখানে ৭ জন শিক্ষার্থীকে ধর্ষণ করে ও কিশোরীকে যৌন হয়রানি করে।

পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আজ সকালে ওই স্কুলশিক্ষার্থীর বাবা সাতকানিয়া থানায় মামলা করেছেন। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।