৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন
২৫ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে বোমা ও গুলি বর্ষণের মামলায় পাবনার একটি আদালত আজ (২ জুলাই) ৯ জনের ফাঁসি এবং ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এ মামলায় আরো ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা করা হয়।
মামলার ৫২ জন আসামির মধ্যে ছয়জন মারা গেছেন। গত ৩০ জুন ৩০ জন আসামি জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনযোগে বের হন। পথে ঈশ্বরদী স্টেশনে তার একটি নির্ধারিত পথসভা ছিলো। তাকে বহনকারী ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই ওই ট্রেনে ব্যাপক গুলিবর্ষণ ও বোমা হামলা চালানো হয়।