ধর্ষণের বিচারের দাবিতে

ক্ষোভে উত্তাল ঢাবি, শাহবাগ অবরোধ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কুর্মিটোলা এলাকায় গতরাতে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ায় ক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এই ঘটনাসহ দেশের সকল ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদ, মিছিল ও স্লোগানের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা।

এরমধ্যেই আজ (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাবিতে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সদস্যরা। এতে স্থবির হয়ে পড়েছে গোটা শাহবাগ এলাকা। আশপাশের রাস্তা দিয়ে বাধাগ্রস্ত হচ্ছে গাড়ি চলাচল।

DU-Protests-1.jpg
সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

এর আগে, সকাল ১১টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণবিরোধী স্লোগান দেন।

সকাল পৌনে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশ দাঁড়িয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

BCL-1.jpg
ছাত্রলীগের মানববন্ধন। ছবি: স্টার

জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান নেয় অপরাজেয় বাংলার পাদদেশে। সেখান থেকে তারা এই ধর্ষণকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানায়।

JCD-1.jpg
ছাত্রদলের অবস্থান। ছবি: স্টার

এছাড়াও, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এ ঘটনার বিচারের দাবি জানিয়েছে।

আরও পড়ুন:

শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভের ডাক