৩৬১ বাংলাদেশিকে চীন থেকে ফিরিয়ে আনতে দুপুর ৩টায় বিমানের বিশেষ ফ্লাইট: স্বাস্থ্যমন্ত্রী
চীন থেকে ৩৬১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আজ দুপুর ৩টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট চীনের উহানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর চিকিৎসক দলের তত্ত্বাবধানে আগামীকাল ভোরে ফ্লাইটটি ঢাকায় ফেরার কথা রয়েছে।
চীন থেকে আগত নারী-পুরুষদের প্রাথমিকভাবে ঢাকার আশকোনা হজ ক্যাম্পের তিনতলায় আলাদা করে রাখা হবে।
আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমাদের দেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী এখনো পাইনি। হুয়ানে প্রায় ৩৬১ জন রয়েছেন বলে আমরা খবর পেয়েছি। অনেকে পরিবার নিয়ে সেখানে থাকছেন। তাদের শিশু সন্তান রয়েছে। তারা দেশে ফিরতে চান।”
তিনি আরও বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে (তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে) ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেছেন, চীন থেকে তাদের অতিসত্বর দেশে ফিরিয়ে আনা হোক। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।”
“আমরা যতোদূর জানি, চীন থেকে যারা দেশে এসেছেন তাদের মধ্যে কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। আমরা চীন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ উড়োজাহাজ প্রস্তুত রেখেছি,” যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।