করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জন পুলিশ হেফাজতে
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে আনা হয়।
ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। তিনি বলেন, “করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে বাংলাদেশের দুইজন মারা গেছেন— এমন গুজব ছড়ানোয় পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনো অথেনটিক খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার এবং জনগণ অত্যন্ত দায়িত্বশীলভাবে এই ভাইরাসের সংক্রমণ বা বিস্তার রোধে কাজ করছে।”
তিনি বলেন, “অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।”