ভেনেজুয়েলার ভূমিকম্প: সহায়তা করছে যেসব দেশ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তা পাঠাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
উদ্ধারকর্মী, চিকিৎসক দলের পাশাপাশি ওষুধ, খাবারসহ জরুরি ত্রাণ পাঠাচ্ছে অনেক দেশ। কোনো কোনো দেশ আবার আর্থিক সহায়তা দিচ্ছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার কাজে সহায়তা করবে জাতিসংঘের দল।
আজ শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে বিভিন্ন দেশের সহায়তার তথ্য।
যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলাকে সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় যুদ্ধজাহাজ, বিমান ও হেলিকপ্টার মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১৫ কোটি ডলার আর্থিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই সহায়তা কার্যক্রম হবে বৃহৎ, দ্রুত ও কার্যকর।
ব্রাজিল
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা একটি ভ্রাম্যমাণ ফিল্ড হাসপাতাল, ৩৬ জন দমকলকর্মী ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, দুটি বিমানে করে পাঠানো হবে উদ্ধার সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ফিল্ড হাসপাতাল স্থাপনের সরঞ্জাম, সৌরশক্তিচালিত ১০০টি পানি পরিশোধন যন্ত্র, ওষুধ ও চিকিৎসা সামগ্রী।
এল সালভাদর, কিউবা, মেক্সিকো ও কলম্বিয়া
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানিয়েছেন, প্যারামেডিকসহ ৩০০ উদ্ধারকর্মী এবং ৫০ টন জরুরি ত্রাণ প্রস্তুত রেখেছে তার দেশ।
কিউবার স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসাসেবা দিচ্ছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম জানিয়েছেন, সামরিক উদ্ধারকারী দল ও চিকিৎসাকর্মী পাঠাচ্ছে তার দেশ।
ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া ইতোমধ্যে ৬০ জনের বেশি উদ্ধারকর্মী এবং ১২ টন মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।
ইউরোপ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুটি সরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং অন্যান্য ত্রাণকর্মীদের নিয়ে একটি বিমান ইতোমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছেছে।
জার্মানি ছয়টি সামরিক পরিবহন উড়োজাহাজ, সুইজারল্যান্ড ৮০ জন উদ্ধারকর্মী ও ১৮ টন ত্রাণ এবং নেদারল্যান্ডস প্রায় ২৩ লাখ ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরানোর কাজে বিশেষজ্ঞ—এমন ৮৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রও একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভেনেজুয়েলায়। এ ছাড়া ৬৭ সদস্যের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসাকর্মী এবং ত্রাণকর্মী পাঠাচ্ছে তুরস্ক।
ভারত ও চীন
এশিয়ার দেশ ভারত ইতোমধ্যে দুটি উড়োজাহাজে ৪১ সদস্যের একটি চিকিৎসক দল, ৩৫ টন জরুরি ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে।
চীন সরকারও জরুরি মানবিক সহায়তা, উদ্ধারকারী দল ও চিকিৎসাসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে।
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) উদ্ধার কাজে সহায়তার জন্য ২৫ লাখ মার্কিন ডলার বরাদ্দ করেছে।
এ ছাড়া ভ্যাটিকানের পোপ লিও চতুর্দশ প্রাথমিকভাবে জরুরি সহায়তা হিসেবে ১ লাখ ১৪ হাজার ডলার পাঠিয়েছেন।