আইন প্রয়োগ করেও হোম কোয়ারেন্টিনে রাখা যাচ্ছে না

জাহাঙ্গীর শাহ, মানিকগঞ্জ

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা স্বাভাবিক চলাফেরা করছেন। আইন প্রয়োগ করেও লাভ হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা না মানায় গতকাল রাতে সাটুরিয়া উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার হাসলী ও পশ্চিম হাসলী গ্রামের তিন প্রবাসীকে স্বাভাবিক চলাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসী জানায়, গতকালও একজন মানিকগঞ্জ শহরে গিয়েছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত মানিকগঞ্জে মোট ২৫৪ জন প্রবাসী কোয়ারেন্টিনে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ না থাকলেও বিদেশ থেকে আসায় তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১৪ দিন পর্যবেক্ষণের পর ৪২ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে বলে জানান আনোয়ারুল আমিন।