মুজিববর্ষ

চাঁদপুরে ২০৮ জন পেলেন চিকিৎসা সহায়তা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের আট উপজেলা ও পৌর এলাকায় ২০৮ জনকে চিকিৎসা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এতে সহায়তা করেছে সমাজসেবা অধিদপ্তর। মুজিববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৪ লাখ টাকার চেক দেওয়া হয়।

জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার বলেন, ক্যানসার, কিডনি রোগ, জন্মগত হৃদরোগ, প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে ২০৮ জনকে সহায়তা দেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় ২৮ জন, হাজীগঞ্জে ৩৫ জন, কচুয়ায় ২১ জন, ফরিদগঞ্জে ৩০ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন ও শাহরাস্তিতে ৩৯ জন এবং পৌর এলাকায় ২১ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন।