ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী (২৮) শনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীর আশপাশের চার বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

ফেনীর সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) বরাত দিয়ে এক যুবক করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৪ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে পজিটিভ জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই যুবক ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করেন। গত ২৫ মার্চ তিনি বাড়ি আসেন। একই বাড়ির আরও দুই যুবক নারায়ণগঞ্জ থেকে সেখানে গিযেছেন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়।

ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জানান, ওই যুবকের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর আপাতত গ্রামের চারটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে, গোটা গ্রাম লকডাউন করা হতে পারে। লকডাউন যাতে মেনে চলা হয়, সে ব্যপারে কঠোর ভূমিকা নেওয়া হবে।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রোগী আপাতত নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকরা সব দেখে-শুনে পরবর্তী ব্যবস্থা ও করণীয় ঠিক করবেন।’