এফপিসির চাল কালোবাজারি

ইউনিয়ন আ. লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কর্মসূচি ফেয়ার প্রাইস কার্ডের (সুলভ মূল্যে কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি) বিপরীতে বরাদ্দ দেওয়া তিন বস্তা চাল কালোবাজারির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

এরা হলেন— পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইব্রাহীম ও তার সহযোগী জাকির হোসেন ছানা। ইব্রাহীম ওই ইউনিয়ন এলাকার চালের ডিলার। আজ শনিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল উদ্ধার করে। জনপ্রতি পাঁচ কেজি করে চাল বিক্রি করার কথা থাকলেও ইব্রাহিম ও জাকির তিন বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেন। এ ঘটনায় গতকাল রাতে সহকারী খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’