কর্মহীন হয়ে পড়া নারীদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কর্মহীন হয়ে পড়া নারীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা।

ত্রাণের দাবিতে গত বৃহস্পতিবার রাণীশংকৈল উপজেলায় শতাধিক কর্মহীন নারী বিক্ষোভ শুরু করেন। উপজেলা পরিষদের ফটকে তারা ত্রাণের গাড়ি আটকে দেন। মৌসুমী আফরিদা তাদের নামের তালিকা করে ত্রাণ পৌঁছে দেবেন বলে আশ্বাস দিলে বিক্ষুব্ধ নারীরা সরে যান।

আজ শনিবার সকালে মৌসুমী আফরিদা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাণীশংকৈল পৌরসভার ৮নং ওয়ার্ডের কয়েকটি গ্রামে শতাধিক নারী ও আড়াই শ কর্মহীন ব্যক্তির বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আমরা নিয়মিত ত্রাণ বিতরণ করছি। কেউ ত্রাণ সামগ্রী না পেলে উপজেলা পরিষদে যোগাযোগ করতে বলা হয়েছে।’

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না উপস্থিত ছিলেন। 

সন্ধারাই এলাকার ফুলবানু বেওয়া (৪০) বলেন, ‘এত তাড়াতাড়ি ত্রাণ পাব চিন্তা করিনি। ইউএনও আপার জন্য দোয়া করি।’

একই এলাকার হাসিনা বেগম (৫০) বলেন, ‘আমাদের কাজকর্ম বন্ধ থাকায় আর চলার উপায় খুঁজে পাচ্ছিলাম না। চেয়ারম্যান-মেম্বারের কাছে যেয়েও লাভ হয়নি। তখন আমরা জোট বেঁধে উপজেলায় যাই। ত্রাণের গাড়ি অন্য এলাকায় নিয়ে যেতে দেখে আটক করি। ইউএনও আপার কথায় ছেড়ে দিয়েছিলাম, আপা খাবার দিয়ে গেছেন।’