মহীপালের ২০ শয্যার ট্রমা সেন্টারকে করোনা হাসপাতাল ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনী সদর উপজেলার মহীপালে ট্রমা সেন্টারকে করোনা হাসপাতাল ঘোষণা করেছে প্রশাসন। ট্রমা সেন্টারে এখন শুধুমাত্র করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। ফেনী জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ছয় জন চিকিৎসক এবং নার্স ও ওয়ার্ড বয়সহ আরও ১০ জনকে নিয়োগ করা হয়েছে। তাদের প্রয়োজনীয় সব কিছু ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে সরবরাহ করা হবে। ট্রমা সেন্টারে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় ক্রিটিক্যাল পেসেন্টদের ঢাকায় স্থানান্তর করা হবে।’

‘ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রাম গ্রামে করোনায় আক্রান্ত যুবককে গতকাল দিবাগত রাতে ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। ২০০৬ সালে ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়। করোনায় আক্রান্ত যুবকই সেখানে প্রথম ভর্তি রোগী’— বলেন মো. সাজ্জাদ হোসেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে ছাগলনাইয়ায় বাড়িতে আসেন। তিনি ঢাকার মিরপুর এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করেন। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল হাতে এলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত।

মো. সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘গ্রামে ওই যুবকের সংস্পর্শে কারা এসেছিল সে তথ্য সংগ্রহে দুই জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত তথ্য হাতে এলে তাদের লকডাউনের আওতায় নিয়ে আসা হবে।’

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের বলেন, ‘ইতোমধ্যে পশ্চিম মধুগ্রাম লকডাউন করা হয়েছে।’