পারিবারিক কলহের জেরে ফরিদপুরে নিহত ১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের হাতে ইউসুফ শেখ (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার জণ্ডি গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ইউসুফ শেখ ওই গ্রামের মৃত রিয়াজউদ্দিন শেখের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
তুজারপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ইয়াদ আলী বলেন, ‘শনিবার সকালে ইউসুফ শেখ তার এক ভাগ্নে জয়নালের সঙ্গে মারামারিতে জড়িয়ে পরেন। এক পর্যায়ে জয়নাল ইউসুফের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়। এর পরপরই জয়নাল সেখান থেকে পালিয়ে যান।’
ভাঙ্গা থানার উপপরিদর্শক পীযুষ কান্তি হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’