স্প্রে মেশিনের ড্রাম থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের চৌগাছায় জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রামে ফেনসিডিল বহনকালে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ওই ড্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাজেখড়িঞ্চা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দুইটার দিকে উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামে অভিযান চালানোর সময় ওই ব্যক্তি নিজেকে করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবক হিসেবে দাবি করে। পরে তার স্প্রে মেশিনের ড্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।’

ওসি রিফাত খান আরও বলেন, ‘সে পুড়াপাড়া বাজার থেকে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’

এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।