মরক্কো ভয় পাইয়ে দিয়েছিল ব্রাজিলকে, স্বীকারোক্তি দানিলোর

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই হতাশার চিত্র নিজেই তুলে ধরলেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। তার মতে, প্রত্যাশার তুলনায় এতটা খারাপ শুরু ছিল ‘ভয় ধরিয়ে দেওয়ার মতো’।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। বিশ্বকাপের আগে শিরোপাপ্রত্যাশী দলগুলোর একটি হিসেবে বিবেচিত ব্রাজিলের কাছ থেকে সমর্থকেরা আরও দাপুটে কিছু আশা করেছিলেন। কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন।

শুক্রবার হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী দানিলো বলেন, 'এটা ভয় ধরিয়ে দেওয়ার মতো ছিল, কারণ সবাই বড় একটি পারফরম্যান্সের প্রত্যাশা করছিল। যখন পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না, তখন তা মেনে নেওয়াও সহজ নয়।'

তিনি আরও বলেন, 'আমাদের ভারসাম্য খুঁজে বের করতে হবে। আমরা কৌশলগত এবং মানসিক দুই দিক থেকেই ভারসাম্যহীন ছিলাম।'

ব্রাজিল বর্তমানে আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের মতো পরিণত দল নয় বলেও স্বীকার করেছেন দানিলো। তবে তাই বলে সেলেসাওদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেই মনে করেন তিনি।

'আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে দল হিসেবে ফ্রান্স বা আর্জেন্টিনার যে পরিপক্বতা আছে, আমরা এখনও সেই জায়গায় পৌঁছাইনি। তবে এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না, ম্যাচ জিততে পারব না বা অনেক দূর যেতে পারব না,' বলেন দানিলো।

ব্রাজিলের জার্সিতে ষষ্ঠ তারকা যোগ করার স্বপ্নও লুকাননি অভিজ্ঞ এই ডিফেন্ডার। তার ভাষায়, 'যদি আমরা জার্সিতে আরেকটি তারকা যোগ করতে পারি, সেটি হবে অসাধারণ।'