মানিকগঞ্জের ২ চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দুই জনের মধ্যে একজন কর্নেল মালেক মেডিকেল কলেজের চিকিৎসক ও অপরজন সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

আজ বৃহস্পতিবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন  মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ও কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ আখতারুজ্জামান।

তারা জানান, ওই দুই চিকিৎসক বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে কোয়ারেন্টিনে রাখার প্রক্রিয়া চলছে।

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে কারো পরীক্ষার ফল পজিটিভ আসেনি। আক্রান্ত দুই চিকিৎসকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা ঢাকায় হয়েছে।’

তিনি জানান, এখন পর্যন্ত জেলা থেকে ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০ জনের ফল পজিটিভ এসেছে।