টেকনাফে ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সবাজার টেকনাফে সাড়ে তিন হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৫)। গতকাল বুধবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার পৌর এলাকার কেরুনতলী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত সাত রোহিঙ্গা হলেন-টেকনাফের নয়াপাড়া শালবাগান জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের আবুল হাসিম, নুর কবির, মো. জোবায়ের, বশির আহমদ, জাফর আলম, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আলম ও আবু তাহের।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে টেকনাফের সাবরাং সেতুর উত্তর ও পশ্চিম পাশে কয়েকজন ইয়াবা বেচা-কেনা করছিল। তথ্যের ভিত্তিতে তাদের ধাওয়া করে সাত জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে তিন হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘এই ইয়াবা উদ্ধার ও সাত রোহিঙ্গাকে আটকের ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা করেছে। আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’