পঞ্চগড়ে ষাটোর্ধ্ব দম্পতিসহ ঢাকাফেরত ৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়ে ষাটোর্ধ্ব এক দম্পতিসহ ঢাকাফেরত আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত জন।

আজ মঙ্গলবার সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের একটি গ্রামের ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ৬৫ বছর বয়সী স্ত্রী এবং তাদের প্রতিবেশী ৫০ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে। সম্প্রতি তারা ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন।

এ ছাড়া, জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের একটি গ্রামের ২২ বছর বয়সী এক তরুণেরও করোনা শনাক্ত হয়েছে। তিনিও সম্প্রতি ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। ঢাকায় তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, গত ১৬ মে এই চার জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত চার জনের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পঞ্চগড় জেলা থেকে মোট ৮৫০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭৮৫ জনের করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা জানান জানান, গতকাল শনাক্ত হওয়া ব্যক্তিরা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তবে, তাদের বাড়িসহ পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।