কুয়াকাটায় চীনা নাগরিকের মৃত্যু: সিসিটিভি ফুটেজে রহস্য উদঘাটনের চেষ্টা পুলিশের

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

কুয়াকাটায় রিসোর্টের ছয় তলা ভাবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যুর ঘটনায় সিসিটিভির ফুটেজ জব্দ করে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে পর্যটন কেন্দ্রের অভিজাত হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার একটি ভবনের ওপর থেকে পড়ে লি-চিংয়ের মৃত্যু হয়।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী জানান, ওই রিসোর্টের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ওই চীনা নাগরিক রিসোর্টের একটি ভিলায় থাকতেন। ধূমপান করার জন্য তিনি পাশের ছয়তলা ভবনের রেস্টুরেন্টে গিয়েছিলেন। তাকে লিফটে উপরে উঠতে দেখা যায়। তবে ভবনটির ছাদ ক্যামেরার আওতায় না থাকায় সেখানে কী ঘটেছিল দেখা যাচ্ছে না।

‘ভবনের ছাদে মানুষের পায়ের চিহ্ন রয়েছে এবং ওই চিহ্নগুলো ওই নাগরিকের কিনা আমরা তা পরীক্ষা করছি’, উল্লেখ করে তিনি বলেন, তিনি ছাদ থেকে পড়ে গিয়ে থাকতে পারেন অথবা ঝাঁপ দিয়ে থাকতে পারেন। এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত অগ্রসর হচ্ছে।

তিনি জানান, ময়না তদন্ত শেষে মরদেহটি বরগুনা জেলার তালতলী উপজেলায় বাংলাদেশ-চীনের যৌথ মালিকানায় নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি সেখানে বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

রিসোর্টের এক কর্মী জানান, সিকদার রিসোর্টের উত্তর দিকের ভিলার ১০১১ নম্বর কক্ষে থাকতেন লি-চিং। গত বছরের নভেম্বরে তিনি কক্ষটি ভাড়া নেন। কুয়াকাটা থেকে তালতলীতে গিয়ে দাপ্তরিক কাজ করতেন তিনি।

আরও পড়ুন:

কুয়াকাটায় রিসোর্ট থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু