ভুয়া কোভিড-১৯ রিপোর্ট

সাহাবুদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

স্টার অনলাইন রিপোর্ট

করোনার ভুয়া রিপোর্ট তৈরি ও অনুমোদনহীন কিট দিয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।

ফয়সাল হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে।

গুলশান থানায় আজ সোমবার সন্ধ্যায় এই মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

মামলার বাকি দুই আসামি হলেন, গতকাল র‍্যাবের অভিযানে আটককৃত হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত এবং হাসপাতালের কর্মকর্তা সাহরিজ কবির। তাদের দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

আশিক বিল্লাহ বলেন, ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা আশাবাদী খুব শিগগির তাকে গ্রেপ্তার করা যাবে।