করোনায় পুলিশ কর্মকর্তা আজিজুর রহমানের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী মারা গেছেন। তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।

আজ শনিবার দুপুর সোয়া ১২টা দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, 'সিক্রেট ডকুমেন্টস অব ইন‌টে‌লি‌জেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন' তৈরির সাথে যুক্ত ছিলেন আজিজুর রহমান। তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। স্পেশাল ব্রাঞ্চে যোগ দেন ২০০২ সালে। ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শীতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

আজিজুর রহমানের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।