প্লাজমা দিতে পুলিশের ২১ সদস্যের দল বরিশাল থেকে ঢাকায়

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সহায়তায় প্লাজমা দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২১ সদস্য ঢাকায় গেছেন।

শনিবার বিএমপির নিজস্ব পরিবহনে ২১ পুলিশ সদস্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা দিতে সম্মুখ যোদ্ধা হিসেবে তারা ঢাকায় গেছেন। তাদের রক্তের গ্রুপ পাঁচ জনের এ-পজিটিভ, ১০ জনের বি-পজিটিভ, পাঁচ জনের ও-পজিটিভ এবং এক জনের ও-নেগেটিভ।

প্লাজমা দেওয়া শেষ হলে পুলিশ সদস্যদের শনিবার রাতেই বরিশালে ফিরবার কথা রয়েছে।