পুলিশের কাজে বাধার অভিযোগে আটক নূরসহ ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে
পুলিশের কাজে বাধার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ সাত জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ সোমবার রাতে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভিপি নুরসহ সাতজনকে পুলিশ ছেড়ে দিয়েছে।’
রমনা ডিভিশন পুলিশের ডিসি সাজ্জাদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তারা মৎস্য ভবনের সামনের রাস্তা অবরোধ করে এবং পুলিশের কাজে বাধা দেয়। এ কারণে, নুরসহ বাকিদের আটক করা হয়।’
রাত পৌনে ৯টার দিকে নুরুল হক নূরসহ সাত জনকে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আটক করে পুলিশ।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয় জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হয়। রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন মামলার নিশ্চিত করলেও এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানাননি।
উল্লেখ্য, নুর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২৮ বছর বাদে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।
আরও পড়ুন: