নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ৩৪

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে শাহাদত হোসেন সিফাত (১৮) নামে আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়াল।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল। তিনি জানান, সিফাতের শরীরের ২২ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

ডা. পার্থ শংকর পাল বলেন, ‘নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আরও একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা ভালো আছে। তাদের দুই জনকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে।’

জানা গেছে, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাসিন্দা শাহাদাত হোসেন সিফাত স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করেছে। বর্তমানে কলেজে ভর্তির চেষ্টা করছিল। তার বাবা মো. স্বপন শেখ ডেকোরেটরের কাজ করেন। তিন ভাইয়ের মধ্যে সিফাত ছিল দ্বিতীয়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭, আশঙ্কাজনক অনেকে

বেদনাবিধুর নারায়ণগঞ্জ

মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল: মেয়র আইভী

মসজিদে বিস্ফোরণ: সিঁড়ির নিচে গ্যাস লাইনের সন্ধান