চাঁদপুর পৌর নির্বাচন: আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬
চাঁদপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে দুটি আলাদা সংঘর্ষের ঘটনায় এক কিশোর নিহত ও ছয় জন আহত হয়েছেন। নিহত ইয়াসিন (১৮) শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় দর্জির কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে হামলা, কারচুপি ও অনিয়মের অভিযোগে আজ শনিবার নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।
আজ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে দুটি ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- কোড়ালিয়া এলাকার জুয়েল দেওয়ান (৫০), গুয়াখোলার শাহরিয়ার (২৫) ও ইব্রাহিম খলিল (২৬), টিলাবাড়ির তাজুল ইসলাম (২৬), সব্দার খান এলাকার জলিল মিয়াজি (৪০) এবং ফরিদগঞ্জের মোমিন (৪৫)।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযুক্ত পলাতক। আমরা তাকে আটকের চেষ্টা চালাচ্ছি।’
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে দুপুর ১২টায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থক একদল যুবক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সাইদ নামের এক যুবক ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করলে ইয়াসিন মারাত্মকভাবে আহত হন। গুরুতর অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকায় আনার পথে ইয়াসিনের মৃত্যু হয়।
সকাল ১১টায় একই কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ দলীয় কর্মী-সমর্থকদের হামলায় বিএনপির দলীয় জুয়েল দেওয়ান, গুয়াখোলার শাহরিয়ার, ইব্রাহিম খলিল ও জলিল মিয়াজি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।
হামলা, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আজ শনিবার দুপুর আড়াইটায় তিনি নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন। তিনি বলেন, ‘আমরা সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’
কেন্দ্রে হামলা চালানোর বিএনপির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জানান, ব্যস্ততার কারণে তিনি এ বিষয়ে এখন কিছু বলতে পারবেন না।
আজ সকাল ৯টায় চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলে।