চাঁপাইনবাবগঞ্জে হাট-বাজার ইজারাদারদের সরকারি প্রণোদনা দাবি

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট-বাজারের ইজারাদাররা সরকারি প্রণোদনা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আজ মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সরকারি প্রণোদনা, সরকারি হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা অনুযায়ী ইজারার আনুপাতিক মূল্য ফেরতের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সোনাইচন্ডি হাটের ইজারাদার আবুল খায়ের সুমন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে জেলার সব হাট-বাজার মার্চ থেকে চার মাস বন্ধ ছিল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাট-বাজার বন্ধ রাখতে গিয়ে আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। এ অবস্থায় হাট-বাজার ইজারাদারদের সরকারি প্রণোদনা প্রয়োজন।’

এছাড়াও সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা অনুযায়ী বন্ধকালীন সময়ের জন্য আনুপাতিক হারে ইজারা মূল্য ফেরতের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহিপুর হাটের ইজারাদার মহসিন রেজা বাবু, চককীর্তি হাটের আনোয়ার হাসান, রহনপুর হাটের আলী হোসেন, রানীহাটির মোস্তাকুল ইসলাম পিন্টু, কানসাট হাটের আসাদুজ্জামানসহ অন্যরা।