হাসপাতালে করোনা রোগীপ্রতি সরকারের খরচ ১৫ থেকে ৪৭ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হওয়া প্রতি রোগীর পেছনে সরকার গড়ে ১৫ হাজার টাকা থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত খরচ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নামমাত্র ফি দিয়ে করোনা পরীক্ষা ও মহামারিতে মানুষ সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পেয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সম্পর্কে অংশীজনদের অবহিতকরণ সভায়’ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জাহিদ মালেক।

তিনি জানান, সরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত একজন সাধারণ রোগীর জন্য গড়ে সাড়ে ১৫ হাজার টাকা ও আইসিইউ ইউনিটে থাকা রোগীর জন্য ৪৭ হাজার টাকা ব্যয় করেছে সরকার। তার দাবি, ‘সরকার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় মহামারিতে দেশের সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছে।’

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগের সব প্রস্তুতি ধরে রেখে কাজ করা হচ্ছে। ডেডিকেটেড হাসপাতালগুলো যেভাবে কাজ করেছে তা অব্যাহত রাখা হবে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ চলমান থাকবে। পিপিই দেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তা ভবিষ্যতেও মজুদ থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।