মিন্নির জরিমানা হাইকোর্টে স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ৫০ হাজার টাকা জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে।

আজ বুধবার মিন্নির আইনজীবী জেডআই খান পান্না আদালতে আপিলের শুনানির আবেদন করলে, বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে এ আদেশ দেন।

অ্যাডভোকেট পান্না দ্য ডেইলি স্টারকে বলেন, যত শিগগির সম্ভব, আমরা এ মামলার শুনানি করার চেষ্টা করব।

তিনি জানান, এ মামলায় দণ্ডিত আরও কয়েকজন বরগুনা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন।

স্বামী রিফাত শরীফ হত্যা মামলায় বরগুনা আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত আয়েশা সিদ্দিকা মিন্নি গত ৬ অক্টোবর হাইকোর্টে আপিল করেন।

মিন্নির পক্ষের আইনজীবী মক্কিয়া ফাতেমা ইসলাম সাজা থেকে মিন্নির খালাস চেয়ে ১৮ পৃষ্ঠার আপিল ও মামলার ৪০০ পৃষ্ঠার নথি জমা দেন।

মিন্নির প্রধান আইনজীবী জেডআই খান পান্না এই প্রতিবেদককে জানান, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আদালত মিন্নিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।

তিনি বলেন, ‘হাইকোর্টে আমরা প্রমাণ করব যে মিন্নি সম্পূর্ণ নির্দোষ।’

গত ৩০ সেপ্টেম্বর বরগুনার আদালত আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনকে রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেন। সাজাপ্রাপ্ত অন্যরা হলেন--রকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আবদুল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ানুল খান ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।