কক্সবাজারের সাবেক এমপি মোহাম্মদ আলী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) মারা গেছেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুত্রুবার ভোররাত ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মোহাম্মদ আলীর মেজো ছেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘রাতে বাড়িতেই বাবা অসুস্থ বোধ করলে দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ ভোররাত ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।’

সাবেক এই এমপি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলেও জানিয়েছেন তার ছেলে।

১৯৯৬ সালের নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন অধ্যাপক মোহাম্মদ আলী। কক্সবাজার কলেজে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাপনা ছেড়ে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন। এরপর পাঁচ বার তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। কিছুদিন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, অসংখ্য আত্বীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষি ও নেতাকর্মী রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা দরগাহ সিঅ্যান্ডবি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে দাফন করা হবে।