চট্টগ্রামে অবৈধ পলিথিন বিক্রির দায়ে গোডাউন ও দোকান সিলগালা

স্টার অনলাইন রিপোর্ট

অবৈধ পলিথিন বিক্রির দায়ে বন্দর নগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চারটি গোডাউন এবং তিনটি দোকান সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোর পরিচালক নুরুল্লাহ নুরির নেতৃত্বে একটি দল এই গোডাউন এবং দোকানগুলো থেকে পাঁচ টন পলিথিন জব্দ করেছে।

নুরুল্লাহ নুরি দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে তারা দেখতে পান, চারটি গোডাউনে পলিথিন গুদামজাত এবং তিনটি দোকানে এই অবৈধ পণ্য বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা মোট পাঁচ টন পলিথিন জব্দ করে দোকান ও গোডাউন বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে শুনানির জন্য তিন জনকে অধিদপ্তরের অফিসে হাজির হওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছে।’