চট্টগ্রামে মাস্ক না পরায় ৬৫ জনকে জরিমানা
চট্টগ্রামে মাস্ক না পরায় ৬৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর হোসেন, উমর ফারুক ও আলী হাসানের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর হোসেন ইপিজেড এলাকায়, উমর ফারুক নগরীর মুরাদপুর ও বদ্দারহাট এলাকা ও আলী হাসান বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক মাস্ক না পরায় ৪০ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন, আলী হাসান ১৮ জনকে ২ হাজার ৬০০ টাকা এবং এস এম আলমগীর হোসেন সাত জনকে ৮০০ টাকা জরিমানা করেন। একইসঙ্গে মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরণ করেন তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করতে প্রতিদিন আট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপণি বিতান, শপিং মল, বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করছি। আশার কথা হলো, কয়েকদিনের অভিযানে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। বেশিরভাগ মানুষ মাস্ক পরে বাইরে আসছেন।’
তিনি আরও বলেন, ‘মাস্ক নিয়ে জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরতে সচেতন করা। যারা মাস্ক পরতে অবহেলা করছে তাদের জরিমানা করা হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে মাস্ক দেওয়া হচ্ছে। করোনাকালীন সময়ে বাধ্যতামূলক মাস্ক নিশ্চতকরণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, ‘অভিযানে দেখা যায়, কিছু মানুষ অবহেলা করে মাস্ক পরে না। ফলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি।’