ঢাবির সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষা স্থগিত

ইউএনবি, ঢাকা

বিতর্কের মাঝে ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ (সান্ধ্য) ভর্তি পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

আজ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে আমাকে পরীক্ষার বিষয়ে জানানো হয়েছে এবং (ব্যবসায় অনুষদ) ডিনকে পরীক্ষা স্থগিত করতে বলেছি।’

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল মঈনও পরীক্ষাটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে ঢাবির উপাচার্য এবং উপ-উপাচার্য দাবি করেছেন যে তাদের সান্ধ্যকালীন এমবিএ কোর্স সম্পর্কে এখনো কোনো গাইডলাইন তৈরি হয়নি।

বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।