ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাটামারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে এই দুর্ঘটনা ঘটে। মাহফিলের পাশেই গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফোলানো হচ্ছিল। সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা মো. নিরব (২৩) ও বড় মানিকা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. হাসনাইনের (১৮) ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ সময় শাকিল (২০), ফিরাজ আলম (২৭), নান্নু (২০), সাগর (১৭), লিমন (২০), ইউছুফ (৪০), রাসেল (৩৫), বাপ্পীসহ (২০) অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে চার জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত ব্যক্তির স্বজনদের ১০ হাজার টাকা করে অনুদান এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।’