উত্তরায় ককটেল উদ্ধার: গ্রেপ্তার আরও ৪

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তরা থেকে ককটেল উদ্ধারের ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল তাদের গ্রেপ্তার করে। উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় এই চার আসামি পলাতক ছিলেন। এরা হলেন— মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জল মিয়া (২৪)।

গত ২০ নভেম্বর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি ককটেলসহ মামুন পারভেজ ও সুমন শেখ নামে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়।