পান্থপথে রাস্তায় বিস্ফোরণে দগ্ধ ৪
রাজধানীর পান্থপথে রাস্তায় বিস্ফোরণে পথচারীসহ চার জন দগ্ধ হয়েছেন। গ্যাসলাইন লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গতকাল রোববার বিকালের দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম।
তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পাই, পান্থপথ গ্রিনরোডে ঢোকার মুখে মাটির নিচে থাকা গ্যাসলাইনে সমস্যা হচ্ছে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে দাঁড়িয়েছে মাত্র। এসময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন জন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আমাদের স্টাফ। আজিম এবং রুহুল আমিন দিনমজুর। এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন বলে জেনেছি। তার নাম জাফর।’
মির্জা রবিউল আলম আরও বলেন, ‘বিস্ফোরণটি প্রকৃতপক্ষে কীসের বা কী কারণে ঘটেছে, তা এখনো জানা যায়নি। মূলত তিতাস গ্যাসের লিকেজ, নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানান, এ ঘটনায় দুই জনকে ভর্তি নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের ২৭ শতাংশ আরেকজনের ৩০ শতাংশ বার্ন আছে। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।