গরু পাচার: কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জহুরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু পাচারকারীকে আটক করেছে। 

সোমবার ভোরে সীমানা পিলার ৯৭৫ এর সাব পিলার ৯-এস এর কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল
হোসেন।

তিনি জানান, একদল গরু পাচারকারী ভারতে প্রবেশ করে বাংলাদেশে গরু আনার চেষ্টা করে। সে সময়  ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও, জহুরুল ইসলাম বিএসএফ এর হাতে আটক হয়েছেন।
জহুরুল ইসলাম (৪৬) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।