হাইকোর্টে রানা প্লাজার মালিকের জামিন স্থগিতের আদেশ বহাল, বাতিলের প্রশ্নে রুল

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতি মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার নিম্ন আদালতের জামিনের রায়ের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট।

এ মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের আদেশ কেন বাতিল করা উচিত হবে না, চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রকে তা ব্যাখ্যা করতে একটি রুলও জারি করেন হাইকোর্ট।

হাইকোর্ট জানান, এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের জামিনের রায়ের ওপর স্থগিতাদেশ চলবে।

সোহেল রানাকে দেওয়া নিম্ন আদালতের জামিনের আদেশ বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল দেন।

২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ভেঙে পড়লে ভবনের ভেতরে থাকা অন্তত এক হাজার ১৩৫ জন নিহত হন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, আজ হাইকোর্টের আদেশের পর সোহেল রানা কারাগার থেকে মুক্তি পাবেন না।

তিনি জানান, আড়াই কোটি টাকার সম্পদের উৎস দেখাতে না পারায় সোহেল রানার বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সাভার মডেল থানায় মামলা করে দুদক।

চলতি বছর ১৭ মে করোনাকালীন সময়ে ঢাকার একটি আদালত ওই মামলায় সোহেল রানাকে জামিন দেন।

হাইকোর্টে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ ৮ জুন সোহেল রানাকে জামিন দেওয়া নিম্ন আদালতের রায়ের আদেশ স্থগিত করেন। করোনাকালীন বন্ধের পর নিয়মিত আদালতের কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ চলবে বলে হাইকোর্ট আদেশ দেন।

দুদক আইনজীবী আজ হাইকোর্টে একই আবেদন উপস্থাপন করলে আদালত শুনানি করে জামিন স্থগিতের আদেশ বহাল এবং জামিন বাতিলের প্রশ্নে রুল দেন।

আজ আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন। সোহেল রানার পক্ষে আইনজীবী আলমগীর হোসেন যুক্তি-তর্ক উপস্থাপন করেন।