নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রের জননাঙ্গ কেটে দিলো দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইব্রাহিম হোসেন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের জননাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক তাকে অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার ভোরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ওই ঘটনা ঘটে। তবে বিকেল পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

আহত ইব্রাহিম হোসেন উপজেলার হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে। সে উলুকান্দি জামেয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র।

ওই ছাত্রকে উদ্ধারে যুক্ত স্থানীয় কামরুজ্জামান রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত ১২টার দিকে মোগরাপাড়া চৌরাস্তায় রক্তাক্ত অবস্থা পড়ে ছিল ইব্রাহিম। রক্ত দেখে তাকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসতে চায়নি। পরে আমাদের সংগঠন বিডি ক্লিন এর সদস্য হোসাইন ফোনে জানালে আমি উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলি আর ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানাই। ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় সে এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘এক কিশোরের জননাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ওই কিশোরকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।’

আহত ইব্রাহিমের বরাত দিয়ে বড় ভাই ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, ‘শুক্রবার রাতে বাড়ির পাশে বালুয়াদিঘির পাড়ে ওয়াজ শোনার জন্য যায় ইব্রাহিম। বাড়ি ফেরার পথে পানাম সিটির কাছে কে বা কারা পেছন থেকে চোখে কাপড় বেধে স্প্রে দিয়ে অচেতন করে ফেলে। তারপর কি হয়েছে সে কিছুই বলতে পারেনি।’

তিনি বলেন, ‘এক মাস আগে বাড়ির পাশে মসজিদের ইমামের একটি ভুল ধরা নিয়ে ইব্রাহিমের সঙ্গে ইমামের বিরোধ ছিল। এছাড়া তার কোনো শত্রু নেই। আমরা থানায় অভিযোগ দেবো।’