বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

স্টার অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশে  নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ রবিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্তো স্পেরানজা এক বিবৃতিতে এই তথ্য জানান।

নতুন করে ২১ জুন পর্যন্ত ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

গত এপ্রিল মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলেও আজ রবিবার তার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞার সময়সীমা।

তবে ইতালির নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নন।

গত বছর ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসের বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি শনাক্ত করা হয়।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পেছনে করোনাভাইরাসের এই ধরনটিকে দায়ী করা হচ্ছে।