গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি
বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন ধরেই অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির জটিল সমীকরণের অংশ। সাম্প্রতিক সময়ে গরুকে ঘিরে যে বিতর্ক, বিভাজন ও রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে, তার শিকড় কিন্তু নতুন নয়। শতবর্ষ আগেও এই উপমহাদেশে গরুকে কেন্দ্র করে নানা সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন ছিল। সেই বাস্তবতা বহু লেখকের রচনায় প্রতিফলিত হয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বনফুল, আবুল মনসুর আহমদ এবং হুমায়ূন আহমেদের লেখায় গরু কখনো দরিদ্র মানুষের শেষ সম্বল, কখনো ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকের ব্যঙ্গাত্মক রূপ, আবার কখনো মানুষের সীমাহীন ভোগ ও লোভের নির্মম প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এই চারজন লেখকের চারটি ভিন্নধর্মী রচনা আজকের সময়েও প্রাসঙ্গিক।
বাংলা সাহিত্যে গরুকে কেন্দ্র করে সবচেয়ে হৃদয়স্পর্শী গল্প নিঃসন্দেহে ‘মহেশ’। এটি কেবল একটি গরুর গল্প নয়; এটি বাংলার দরিদ্র কৃষকজীবনের করুণ বাস্তবতার এক অনন্য দলিল। গল্পের কেন্দ্রে রয়েছে দরিদ্র মুসলমান কৃষক গফুর এবং তার গরু মহেশ। মহেশ এখানে শুধু একটি পশু নয়; গফুরের জীবনের একমাত্র অবলম্বন, সঙ্গী এবং অস্তিত্বের অংশ।
ভয়াবহ খরা, দারিদ্র্য ও সামাজিক অবহেলায় যখন গফুর অসহায় হয়ে পড়ে, তখন মহেশের দুর্দশাও সমানভাবে সামনে আসে। গফুর নিজের ক্ষুধা সহ্য করতে পারে, কিন্তু মহেশের ক্ষুধা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। শরৎচন্দ্র এখানে মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ককে এমন এক মানবিক উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে গরুটি আর নিছক গৃহপালিত প্রাণী থাকে না; হয়ে ওঠে জীবনের অংশ।
‘মহেশ’ আমাদের মনে করিয়ে দেয়, বাংলার কৃষিজীবনে গরু ছিল কেবল সম্পদ নয়, আবেগ ও বেঁচে থাকার অবলম্বন। আজ যখন গরুকে ঘিরে ধর্মীয় উত্তেজনা বা রাজনৈতিক স্লোগান বেশি শোনা যায়, তখন এই গল্পটি মনে করিয়ে দেয়—গরুর সঙ্গে বাংলার মানুষের সম্পর্ক মূলত শ্রম, মমতা ও সহাবস্থানের সম্পর্ক।
প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ‘গরুর রচনা’ বাংলা সাহিত্যে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। বনফুলের লেখার প্রধান বৈশিষ্ট্য তার সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ ব্যঞ্জনা। সামান্য ঘটনার মধ্যেও তিনি সমাজের গভীর মনস্তত্ত্ব ধরতে পারতেন।
এই রচনায় গরুকে কেন্দ্র করে মানুষের সামাজিক আচরণ, ভণ্ডামি ও কৃত্রিমতা একধরনের সূক্ষ্ম ব্যঙ্গের ভেতর দিয়ে উঠে এসেছে। বনফুল দেখিয়েছেন, মানুষ প্রায়ই গরুকে নিয়ে অতিরিক্ত আবেগ দেখালেও সেই আবেগের ভেতরে থাকে সামাজিক স্বার্থ, ভান কিংবা আত্মপ্রদর্শনের প্রবণতা। তার লেখায় গরু কখনো প্রাণী নয়; বরং মানুষের মানসিকতার আয়না।
বনফুলের পর্যবেক্ষণ আজও বিস্ময় জাগায়। কারণ, সমাজ বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের দ্বৈততা খুব বেশি বদলায়নি। এখনো আমরা দেখি, গরুকে ঘিরে অনেক আবেগ, অনেক বক্তব্য, কিন্তু সেই আবেগের ভেতরে প্রকৃত মানবিকতা কতটুকু সেই প্রশ্ন থেকেই যায়।
অন্যদিকে আবুল মনসুর আহমদের ‘গো-দেওতা কা দেশ’ বাংলা সাহিত্যে গরুকে কেন্দ্র করে রচিত অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যঙ্গরচনা। তার বিখ্যাত ব্যঙ্গগ্রন্থ ‘আয়না’-এর অন্তর্ভুক্ত এই গল্পে লেখক দেখিয়েছেন, কীভাবে গরুকে ধর্মীয় আবেগ ও রাজনৈতিক স্বার্থের হাতিয়ার বানানো হয়।
আবুল মনসুর আহমদ ছিলেন অসাধারণ পর্যবেক্ষক। তিনি বুঝেছিলেন, উপমহাদেশে গরু কেবল ধর্মীয় অনুভূতির বিষয় নয়; এটি ক্ষমতা, বিভাজন ও রাজনৈতিক আধিপত্যেরও একটি উপকরণ। ‘গো-দেওতা কা দেশ’-এ সেই বাস্তবতাই তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে উঠে এসেছে। গল্পটি পড়লে বোঝা যায়, মানুষ কখনো কখনো একটি প্রাণীর প্রতি মমতার চেয়ে তাকে কেন্দ্র করে নিজেদের ক্ষমতার প্রদর্শনেই বেশি আগ্রহী হয়ে ওঠে।
আজকের দক্ষিণ এশিয়ার বাস্তবতায় এই গল্প নতুন করে পাঠের দাবি রাখে। কারণ এখনো গরুকে ঘিরে সহিংসতা, বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। আবুল মনসুর আহমদের ব্যঙ্গ যেন সময় পেরিয়েও একইভাবে সত্য থেকে গেছে।
বাংলা সাহিত্যে গরুকে ঘিরে আরেকটি ভিন্ন মাত্রার গল্প হলো হুমায়ূন আহমেদের ‘খাদক’। গল্পটির মূল চরিত্র মতি মিয়া—একজন কিংবদন্তিতুল্য খাদক। তিনি বাজি ধরে এক বসায় একটি আস্ত রান্না করা গরুর মাংস খাওয়ার চ্যালেঞ্জ নেন।
এটি সরাসরি গরুর জীবন নিয়ে লেখা গল্প নয়, কিন্তু মানুষের ভোগবাদী মানসিকতা ও সীমাহীন লোভের এক নির্মম প্রতীকী উপস্থাপন। হুমায়ূন আহমেদ তার স্বভাবসুলভ সহজ অথচ গভীর ভাষায় দেখিয়েছেন, মানুষ কখনো কখনো নিজের সীমা ভুলে গিয়ে ভোগের উন্মাদনায় ডুবে যায়। গল্পটি হাস্যরসের আবরণে লেখা হলেও এর ভেতরে গভীর ট্র্যাজেডি রয়েছে।
‘খাদক’-এ গরু খাদ্য ও প্রতিযোগিতার বস্তুতে পরিণত হয়েছে। এখানে প্রাণীটির প্রতি কোনো আবেগ নেই; বরং মানুষের অহংকার ও প্রদর্শনেচ্ছাই প্রধান হয়ে উঠেছে। ফলে গল্পটি আধুনিক ভোগবাদী সমাজের এক তীব্র সমালোচনাও বটে। আজকের ভোগপ্রধান সমাজে দাঁড়িয়ে গল্পটি আরও তাৎপর্যপূর্ণ মনে হয়।
এই চারটি রচনার দিকে একসঙ্গে তাকালে দেখা যায়, বাংলা সাহিত্যে গরু কখনোই একমাত্রিক প্রতীক নয়। শরৎচন্দ্রের কাছে এটি দরিদ্র মানুষের বেঁচে থাকার সঙ্গী, বনফুলের কাছে সামাজিক ব্যঙ্গের উপাদান, আবুল মনসুর আহমদের কাছে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বাস্তবতার প্রতীক, আর হুমায়ূন আহমেদের কাছে মানুষের সীমাহীন ভোগের অনুষঙ্গ।
এই প্রসঙ্গে উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যশিল্পী মীর মশাররফ হোসেনের ‘গো-জীবন’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৮৮৯ সালে রচিত এই প্রবন্ধটি উপমহাদেশে গরুকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষাপটে লেখা হয়েছিল। মীর মশাররফ হোসেন চেয়েছিলেন হিন্দু-মুসলমানের সম্প্রীতি বজায় থাকুক এবং গরু কোরবানি নিয়ে বিরোধ কমে আসুক।
তার এই রচনার কারণে সে সময় ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি গরুকে ঘিরে সহাবস্থান ও পারস্পরিক সম্মানের কথাই বলেছিলেন। আজকের সময়েও তার বক্তব্য আশ্চর্য রকম প্রাসঙ্গিক। কারণ, সমাজে বিভাজনের রাজনীতি যত বাড়ছে, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তত কমছে।
বাংলা সাহিত্যের এই রচনাগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যের সামনে দাঁড় করায়—গরুকে ঘিরে আলোচনা কেবল ধর্মীয় বা অর্থনৈতিক বিষয় নয়; এটি মানুষের সভ্যতা, সহানুভূতি, রাজনীতি ও নৈতিকতারও প্রতিফলন। সাহিত্যের লেখকেরা গরুর ভেতর দিয়ে আসলে মানুষের মুখই দেখেছেন—কখনো করুণ, কখনো নির্মম, কখনো বিভ্রান্ত, কখনো সহানুভূতিশীল।
তাই শরৎচন্দ্র, বনফুল, আবুল মনসুর আহমদ, হুমায়ূন আহমেদ ও মীর মশাররফ হোসেনকে নতুনভাবে পড়া জরুরি। তাদের লেখায় গরুর গল্প আসলে মানুষের সমাজ, রাজনীতি ও মানবিকতার গল্প। গরুকে ঘিরে অহেতুক উত্তেজনা বা বিভাজনের বদলে মানুষের জীবন, কৃষকের বাস্তবতা এবং সমাজের সহমর্মিতার দিকগুলো নিয়ে ভাবা প্রয়োজন। কারণ, শেষ পর্যন্ত গরুকে কেন্দ্র করে যে রাজনীতি তৈরি হয়, তার ভারও বহন করতে হয় মানুষকেই।