মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আটক ওয়ার্নার, হাজির হতে হবে আদালতে

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। গত রোববার রাতে সিডনির মারুব্রায় প্রাথমিক পরীক্ষায় সাবেক এই টেস্ট ওপেনারের রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণ পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ৩৯ বছর বয়সী ওয়ার্নার চেকপোস্টের কাছে পৌঁছানোর আগেই গাড়ি থামিয়ে পার্ক করেন। এরপর সন্দেহ হওয়ায় পুলিশের কর্মকর্তারা ওই গাড়ির দিকে এগিয়ে যান। চালকের আসনে তখন ছিলেন ওয়ার্নার। শ্বাস পরীক্ষা করা হলে তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ওয়ার্নারকে পরে আটক করে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বারের পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, রক্তে ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল থাকলে সেটাকে 'মিডল-রেঞ্জ' অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই ১১২টি টেস্ট খেলা প্রাক্তন এই তারকাকে আগামী মাসে আদালতে হাজির হতে হবে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, 'আজ (রোববার) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে পুলিশ মারুব্রার মালাবার রোডে নিয়মিত তল্লাশিতে শ্বাস পরীক্ষা চালাচ্ছিল। সে সময় একটি ভ্যানকে চেকপোস্টের কিছুটা দূরে হঠাৎ থেমে পার্ক করতে দেখা যায়। ট্রাফিক ও হাইওয়ের টহল কমান্ডের কর্মকর্তারা তখন গাড়িটির কাছে যান এবং ৩৯ বছর বয়সী চালকের পরীক্ষা করেন, যার ফলাফল পজিটিভ আসে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'তাকে আটক করে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় পরীক্ষায় তার শরীরে ০.১০৪ মাত্রায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। ওই ব্যক্তির বিরুদ্ধে "মাঝারি মাত্রার অ্যালকোহল গ্রহণ করে গাড়ি চালানো"র অধীনে চার্জশিট দেওয়া হয়েছে। তাকে আগামী বৃহস্পতিবার ডাউনিং সেন্টারের স্থানীয় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন ওয়ার্নার। ২০২৪ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা থাকলেও এর চার সপ্তাহ আগে আচমকা অবসরের ঘোষণা দিয়ে নির্বাচকদের চমকে দেন তিনি। তাই সিডনিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টটি জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হয়ে আছে।

বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্নার। গত ২ এপ্রিল রাওয়ালপিন্ডিজের বিপক্ষে বিধ্বংসী এক ফিফটি হাঁকিয়ে দলকে জয় পাইয়ে দেওয়ায় বড় ভূমিকা রাখেন তিনি। আসরের মাঝে সাত দিনের বিরতি থাকায় ব্যক্তিগত প্রয়োজনে সিডনিতে নিজ বাড়িতে গিয়েছিলেন। আর সেই ছুটির অবসরেই এমন অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন তিনি।