দ্বিতীয় ওয়ানডের আগে রুবেলকে সম্মান জানাবে বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের ইতি টেনেছেন পেসার রুবেল হোসেন। তাই তাকে সম্মান জানাতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে বিদায় নেওয়া পেসার এই পেসারকে দ্বিতীয় ওয়ানডের আগে বিশেষভাবে সম্মান জানাবে সংস্থাটি।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে এই সংবর্ধনা দেওয়া হবে। গত সপ্তাহেই ফেসবুক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল, যার মাধ্যমে শেষ হয় ২০০৯ সালে শুরু হওয়া এক লম্বা যাত্রা।
৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন ২০২১ সালের ১ এপ্রিল, অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলে মোট ১৯৩ উইকেট শিকার করেন রুবেল। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই আছে তার একটি করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে রুবেলের নাম উচ্চারিত হয় কিছু স্মরণীয় মুহূর্তের সঙ্গে। বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার নেওয়া শেষ উইকেটটি টাইগারদের প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিল, যা এখনও ভক্তদের মনে গেঁথে আছে।
এছাড়া ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে শেষ উইকেটটি ছিল তারই, আর ২০১৩ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ওয়ানডেতে তার সেরা বোলিং ৬/২৬, যা এখনও বাংলাদেশের সেরা পারফরম্যান্সগুলোর একটি, যৌথভাবে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে।
টেস্টে অবশ্য রুবেলের পরিসংখ্যান তুলনামূলকভাবে ম্লান। ৪৪ ইনিংসে ৩৬ উইকেট নিয়ে গড় ছিল ৭৬.৭৭। ক্যারিয়ারে মাঠের বাইরেও কিছু বিতর্ক ছিল, যার মধ্যে ২০১৫ সালের একটি মামলায় সংক্ষিপ্ত সময়ের জন্য কারাবাসও অন্তর্ভুক্ত। তবে জামিনে মুক্ত হয়ে বিশ্বকাপে খেলতে পারার সেই গল্পও তার ক্যারিয়ারের অংশ হয়ে আছে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পুরোপুরি ক্রিকেট ছাড়ছেন না রুবেল। ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি, যদিও সাম্প্রতিক সময়ে মাঠে উপস্থিতি ছিল খুবই সীমিত।