পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দুইশোর নিচে আটকালেন নাহিদ

ক্রীড়া প্রতিবেদক

মন্থর, অসমান বাউন্সে গতির ঝড় তুললেন নাহিদ রানা। পেস আর বাউন্সে নিউজিল্যান্ডের ব্যাটারদের নিলেন বড় পরীক্ষা। ওয়ানডেতে তার দ্বিতীয় পাঁচ উইকেট শিকারে সফরকারীরা থামল দুইশোর ঠিক নিচে।   

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে  ১৯৮ রান করেছে কিউইরা। ১০২ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন কেলি। ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার নাহিদ।

এমনিতে মন্থর উইকেটে রান করা ছিলো কঠিন, দুই রকম বাউন্স থাকায় বল পড়াও ছিলো মুশকিল। এমন বাইশগজে নাহিদের বাড়তি গতি অনেকটা দুর্বোধ্য ঠেকল ব্ল্যাক ক্যাপসদের কাছে।  

নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু দেখা গেলো  মিরপুরের উইকেটে মূলত বোলারদেরই সহায়তা বেশি। বরং দ্বিতীয় ওয়ানডেতে দেখা গেল আরো মন্থরতা, অসমান বাউন্স। সফরকারী নিউজিল্যান্ড সেখানে ধুঁকল বিস্তর। 

তাসকিন আহমেদের করা প্রথম বলটাই গেল হাঁটুর নিচে। তাতেই আভাস মিলল উইকেটের ধরনের। চ্যালেঞ্জিং উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনাররা কুঁকড়ে গেলেন। প্রথম চার ওভারে এলো স্রেফ ৩ রান! 

রানের গতি পরে খানিকটা বাড়লেও জুটি বড় হলো না। নাহিদ আসতেই এলবিডব্লিউতে কাটা পড়েন হেনরি নিকোলস।  তিনে নামা উইল ইয়ংকেও ছাঁটেন নাহিদ। তার লাফানো বলে আলতু করে ক্যাচ উঠিয়ে হাঁটা ধরেন কিউই ব্যাটার। 

২৮ রান ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টায় ছিলেন অধিনায়ক টম ল্যাথাম। তবে থিতু হতে পারেননি তিনি। একাদশে আসা সৌম্য সরকারের মিডিয়াম পেসে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩৫ বলে ১৪ রান করে। 

চতুর্থ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে প্রতিরোধ গড়েন কেলি। ওই সময় রানের চাকাও কিছুটা সচল হয়। কেলি সাবলীল থাকলেও আব্বাস রান বাড়াতে ধুঁকছিলেন। তাদের ৫৫ রানের জুটি ভাঙে নাহিদের বলে। তার বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিং গড়বড় হয় আব্বাসের। কিপার লিটন দাস অনেকখানি পেছনে বা দিকে ছুটে গিয়ে নেন দুর্দান্ত ক্যাচ। 

কেলি পরে ফক্সক্রফটকে নিয়ে যোগ করেন আরও ৩৭ রান। বাকিদের ভোগান্তির মাঝে কেলিকেই মনে হচ্ছে স্বচ্ছন্দ। সেঞ্চুরির আভাস দেয়া বাঁহাতি ব্যাটারের ধৈর্য্যচ্যুতি ঘটে শরিফুল ইসলামের বলে। 

টেল এন্ডাররা আর বেশিদূর এগুতে পারেননি। ইনিংসের শুরুর মতো শেষেও এসে সফরকারীদের ইনিংসে হানা দেন নাহিদ।  ন্যাথান স্মিথ চেষ্টা চালালেও দুইশো ছুঁতে পারেনি কিউইরা।