আইপিএল ২০২৬

ধোনিকে ঘিরে 'চাটুকারিতা' চলছে, সিএসকে ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) পারফরম্যান্স নিয়ে চলছে নানা কাটাছেঁড়া। তবে দলের এই পরিস্থিতির জন্য তরুণ অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে নয়, বরং সরাসরি ম্যানেজমেন্ট এবং এমএস ধোনিকে ঘিরে থাকা আবহকে দায়ী করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। মাঞ্জরেকারের মতে, ধোনিকে নিয়ে তৈরি হওয়া এক ধরনের ‘অন্ধ ভক্তি’ বা ‘চাটুকারিতা’ দলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।

মালিকপক্ষকে দায়ী করে বলেন, 'আমি এই দায়ভার সিএসকে মালিকপক্ষ এবং যারা বড় সিদ্ধান্ত নেন তাদের ওপর দেব। কারণ রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হওয়ার আগে টপ অর্ডারে অসাধারণ খেলছিলেন। এমএস ধোনি খেলবেন কি না, বা তিনি অধিনায়ক থাকবেন কি না—এই পুরো বিষয়টি তারা খুব বাজেভাবে সামলেছে।'

ধোনিকে নিয়ে বর্তমান সংস্কৃতি প্রসঙ্গে মাঞ্জরেকার কঠোর ভাষায় বলেন, 'এখানেই ভারতীয় সংস্কৃতির সেই চাটুকারিতা দেখা যায় যা ক্রিকেটেও ঢুকে পড়েছে। ধোনির শুধু ভক্তই নেই, তাকে ঘিরে এক ধরনের চাটুকারিতা তৈরি হয়েছে। আমি মনে করি, সিএসকে ম্যানেজমেন্ট এবং ভক্তরা ধোনির বিষয়ে স্বচ্ছভাবে দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে।'

নিজের একটি পুরনো অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, 'একবার ধোনি রান নেওয়ার সময় ক্রিজে ব্যাট রাখার চেষ্টা করছিলেন এবং সেটি খুব ক্লোজ কল ছিল। আমি ধারাভাষ্যে বলেছিলাম যে তিনি ক্রিজের বাইরে আছেন এবং এটি রান আউট হওয়া উচিত। এতে ভক্তরা আমার ওপর খুব রেগে গিয়েছিল কারণ তারা মনে করেছিল এটি ধোনি-বিরোধী কথা।'

দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ম্যানেজমেন্টকে সতর্ক করে মাঞ্জরেকার বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে এমন খেলোয়াড়দের প্রয়োজন যারা বর্তমানে তাদের সেরা ফর্মে আছেন, কেবল অতীতের ওপর ভিত্তি করে চললে হবে না। সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স বড় নামের খেলোয়াড়দের প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে ধোনির পক্ষে পারফর্ম করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।'