মিরপুরে নিরাপদ পুঁজি কত— উত্তর জানা নেই মিরাজের
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৪ রানে। তবে ম্যাচের বর্তমান পরিস্থিতিতে কাউকেই এগিয়ে রাখার উপায় নেই। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জানালেন, ভারসাম্য চলছে দুই দলের লড়াইয়ে। আর এই উইকেটে জয়ের জন্য কত রান নিরাপদ হবে তা জানা না থাকলেও একটা ধারণা দিলেন তিনি।
শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান তোলার পর পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩৮৬ রানের। ফলে ২৭ রানের লিড মেলে নাজমুল হোসেন শান্তর দলের। তারা রোববারের খেলা শেষ করেছে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে।
বারবার ম্যাচের লাগাম বদল হচ্ছে। প্রথম দিনে বাংলাদেশ দাপট দেখালেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়ে ছড়ি ঘোরায় সফরকারীরা। তৃতীয় দিনে আবার আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। সেখানে মূল কৃতিত্ব অফ স্পিনার মিরাজের। জ্বলে উঠে ১০২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। টেস্টে এটি তার ১৪তম ৫ উইকেট দখলের নজির।
এই টেস্টের বর্তমান অবস্থাকে সমানে সমান হিসেবে দেখছেন মিরাজ। তার মতে, লিড খুব বেশি বড় না হওয়ায় বড় দায়িত্বটা রয়েছে বাংলাদেশের ব্যাটারদের কাঁধে। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এখনও দুই দিন বাকি আছে। ফল... এখনও ফিফটি ফিফটি পরিস্থিতিতে আছে। কারণ, আমরা অনেক বেশি লিড পাইনি এবং অবশ্যই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে আমাদের। কেউ জানে না... মিরপুরে কত রান নিরাপদ, এটা আপনি বলতে পারবেন না। তবে ন্যূনতম যেন একটা রান করতে পারি, যেটা আমরা বোলাররা ডিফেন্ড করতে পারবে।'
পরে অবশ্য তিনি জানান, পাকিস্তানকে কত রানের লক্ষ্য ছুড়ে দিতে চায় বাংলাদেশ, 'তো আমার কাছে মনে হয় যে, প্রায় ২৯০ বা ৩০০ রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে। কারণ, চার-পাঁচ নম্বর দিনে অনেক কঠিন হবে ব্যাট করা। তবে প্রত্যেকটা ব্যাটারের এই দায়িত্বটা নিয়ে খেলতে হবে।'
মিরাজের পর্যবেক্ষণ হলো, প্রথম তিন দিনে উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। তবে সময়ের সাথে সাথে তা বদলাতে শুরু করবে। তাই শেষ দুই দিনে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, 'আমার কাছে মনে হয়, তিনটা দিন ভালো উইকেট ছিল এবং খুবই ভালো উইকেট। এখনও উইকেট ভালো আছে। তবে চার-পাঁচ নম্বর দিনে তো একটু কঠিন হবেই। কারণ, একটা উইকেটে টানা খেলা হচ্ছে, দুই ইনিংস হয়েছে। তো ওইটুক দায়িত্ব নিয়ে ব্যাটারদের খেলতে হবে।'
আর দুই দিন বাকি থাকলেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ চড়া। মিরাজের দৃষ্টিতে, 'টেস্ট ক্রিকেটের এটাই সৌন্দর্য। অনেক সময় আমরা ভালো করব, অনেক সময় খারাপ করব। আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকেই। দেখুন, আমরা একটা সময় ব্যাটিংয়ে অনেক ভালো করছিলাম। আবার আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছে। ওরা কিন্তু ১ উইকেটে ২০০ রান করেছে। তারপর ২০ রানের ভেতর ৪ উইকেট পড়ে গেছে। আবার ওরা জুটি গড়েছে।'