পাকিস্তান মানসিক জড়তায় আক্রান্ত: রমিজ রাজা

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের হার তখন সময়ের ব্যাপার। রোদ ঝলমলে বিকেলে ধারাভাষ্যকক্ষে কালো মেঘের ঘনঘটা দেখছিলেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর রমিজ পরে বিশ্লেষণ করে দেখিয়েছেন, পাকিস্তান দল আসলে টানা ব্যর্থতায় মানসিক জড়তায় আক্রান্ত।

মঙ্গলবার মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে গতির ঝড়ে গুঁড়িয়ে ৪০ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা।

একদম কাছ থেকে এই হার দেখে যন্ত্রণাবিদ্ধ হয়েছেন রমিজ। বাংলাদেশে ধারাভাষ্য দিতে আসা দেশটির প্রাক্তন তারকা সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে কাঁটাছেঁড়া করেছেন। তিনি বলেন, ‘ক্রিকেটে জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু হারের ধরনটা অনেক বড় বিষয়। একটি দলের লড়াই করে হারা উচিত, জেদ দেখানো এবং শেষ পর্যন্ত লড়াই করা উচিত। বর্তমানে পাকিস্তান একটি মানসিক জড়তার মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে; গত তিন বছরে পাঁচবার রান তাড়ায় তারা চারটিতেই হেরেছে। শান মাসুদের নেতৃত্বে দলের বারবার ব্যর্থতা এই আত্মবিশ্বাস ও বিশ্বাসের অভাবকে আরও বাড়িয়ে তুলেছে।’

রমিজের মতে পাকিস্তানি খেলোয়াড়দের মনে ভালো কোনো স্মৃতি না থাকায় তারা আত্মবিশ্বাস পাচ্ছে না, ‘খেলোয়াড়েরা যখন কঠিন মুহূর্তের মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে কোনো ইতিবাচক স্মৃতি কাজ করে না; বরং তারা হতাশায় ডুবে যায় এবং একই ব্যর্থতার পুনরাবৃত্তি হবে বলে ধরে নেয়। দলের কৌশলগত পদ্ধতির ব্যাপারেও বড় ধরনের সমালোচনা রয়েছে।’

বাংলাদেশের তিন পেসারই যেখানে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন—নাহিদ গতি তোলেন ১৫০ কিলোমিটারের কাছাকাছি—সেখানে পেস ঐতিহ্য থাকা পাকিস্তানিদের পেসারদের গতি ছিল ১৩০ কিলোমিটারের আশেপাশে। এরকম গতির বোলারদের দিয়ে টেস্টে সফল হওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন।

রমিজ রাজা সমালোচনা করেছেন শান মাসুদেরও। তাঁর অধীনে ১৫ টেস্ট খেলে ১১টিতেই হেরেছে পাকিস্তান, ‘শান মাসুদের অধীনে পরিসংখ্যানগত বাস্তবতা হলো ১৫ ম্যাচে ১১টি হার—যা প্রমাণ করার জন্য যথেষ্ট যে বর্তমান পদ্ধতি কাজ করছে না।’