মিরপুরে পাকিস্তানকে গুঁড়িয়ে শান্ত-নাহিদদের র‍্যাঙ্কিংয়ে লাফ

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের সুফল পেল বাংলাদেশ। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বড় লাফ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানাসহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটিই বাংলাদেশের প্রথম জয়। মিরপুরে এশীয় প্রতিদ্বন্দ্বীদের ১০৪ রানে হারানোর ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন শান্ত। ব্যাট হাতে দুই ইনিংসেই দ্যুতি ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা।

প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলেন এই বাঁহাতি। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। বর্তমানে ২৩ নম্বরে থাকা এই ব্যাটসম্যান ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকেরও। মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে আছেন মুমিনুল।

বোলারদের মধ্যে বড় চমক দেখিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করার পথে বড় ভূমিকা রাখেন তিনি। এর ফলে ৫ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ৬৪ নম্বরে উঠে এসেছেন এই গতি তারকা।

স্পিনার তাইজুল ইসলাম দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। দীর্ঘ বিরতির পর টেস্টে ফিরে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদ পুনরায় র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন; তার বর্তমান অবস্থান ৪৮তম।

পরাজিত পাকিস্তান দলের জন্য কিছুটা সান্ত্বনা হয়ে এসেছে পেসার মোহাম্মদ আব্বাসের পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে তিনিও বোলারদের তালিকায় ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।