বাংলাদেশকেও সমর্থন দেবেন বৃটিশ হাইকমিশনার

স্পোর্টস ডেস্ক

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের মেয়েদের জন্য শুভকামনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারা কুক। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশকেও সমর্থন জানাবেন তিনি।

আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বৃটিশ হাইকমিশন এই বিশেষ আয়োজন করে। অনুষ্ঠানে সারা কুক মজা করে বলেন, তিনটি দল একই গ্রুপে না থাকায় তিনি স্বস্তি পেয়েছেন।

ইংল্যান্ডে জন্ম নেওয়া সারা কুক বহু বছর ধরে স্কটল্যান্ডে বসবাস করছেন। তার স্বামীও স্কটিশ। ২০২৩ সাল থেকে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ দল বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী কিছু ক্রিকেট মাঠে খেলবে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করবে, এটি নিয়ে তারা খুবই আনন্দিত বলেও জানান তিনি।

নারী ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে সারা কুক বলেন, এখন আর খেলাধুলা শুধু পুরুষদের জায়গা নয়। নারীদের অংশগ্রহণ এবং ক্ষমতায়নের ক্ষেত্রেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বমঞ্চে বাংলাদেশ দল উজ্জ্বল হোক সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা, ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী, সাবেক খেলোয়াড় এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ক্রীড়া সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টিও উঠে আসে অনুষ্ঠানে। সারা কুক বলেন, ক্রিকেট দুই দেশেরই অত্যন্ত জনপ্রিয় খেলা এবং এটি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও নারী বিভাগের চেয়ারম্যান রাশনা ইমাম অনুষ্ঠানের আয়োজনের জন্য বৃটিশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ২০১৪ সালে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে বাংলাদেশ প্রতিটি আসরেই খেলছে এবং প্রতিযোগিতা থেকে প্রতিযোগিতায় আরও শক্তিশালী হয়ে উঠছে।

রাশনা ইমাম বলেন, নারী ক্রীড়ার নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের মেয়েদের এগিয়ে যাওয়ার গল্প অনুপ্রেরণাদায়ক। ২০১৮ সালে এশিয়া কাপ জয়ের কথাও স্মরণ করেন তিনি।

আগামী ২৪ ও ২৬ মে দুই ভাগে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা, যা বিশ্বকাপ প্রস্তুতির অংশ।

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।