নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জেসির অভিষেক
বাংলাদেশের ক্রিকেটে আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। খেলোয়াড়দের সাফল্যের পাশাপাশি এবার আম্পায়ারিংয়েও বিশ্ব আসরে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশি আম্পায়ার।
আইসিসি নিশ্চিত করেছে, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া চার নতুন আম্পায়ারের একজন জেসি। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তার সঙ্গে আরও অভিষেক হবে ক্যান্ডেস লা বোর্ড, গায়ত্রী ভেনুগোপালান ও কেরিন ক্লাস্টের।
টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ নারী ম্যাচ অফিসিয়াল প্যানেল রাখছে আইসিসি। সেই বিশেষ প্যানেলের অংশ হয়ে বাংলাদেশের জেসির অন্তর্ভুক্তি দেশের ক্রিকেটের জন্য বড় স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।
এর আগেও আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা অর্জন করেছেন জেসি। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে জায়গা করে নিয়েছেন এই বাংলাদেশি আম্পায়ার।
এবারের বিশ্বকাপে মোট ৩৩টি ম্যাচ পরিচালনার জন্য রাখা হয়েছে ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি। ২০২৪ আসরের ম্যাচ অফিসিয়াল প্যানেল থেকে নয়জন আবারও ফিরছেন এবারের বিশ্বকাপে।
সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। এটি হবে তার ষষ্ঠ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে তিনি এই টুর্নামেন্টে ২২টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।
এছাড়া জ্যাকুলিন উইলিয়ামস ও কিম কটনও নিজেদের পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এই দুজন এরই মধ্যে বিশ্বকাপ মঞ্চে ১৯টি করে ম্যাচ পরিচালনা করেছেন।
ম্যাচ রেফারিদের তালিকায় আছেন ২০২৪ আসরের তিন পরিচিত মুখ শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেইরা। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন।