মিচেলকে সরিয়ে ওয়ানডের শীর্ষে গিল, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সূর্যবংশীর ২৩০ ধাপ লাফ
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের জাত চেনাচ্ছেন ১৫ পেরুনো ব্যাটার বৈভব সূর্যবংশী। ভারতের হয়ে জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে তার প্রতিদানও পেলেন হাতেনাতে। আইসিসির প্রকাশ করা সর্বশেষ র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন এই তরুণ ব্যাটার। অন্যদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলকে সরিয়ে সিংহাসন ফিরে পেয়েছেন শুবমান গিল।
জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান করেন বৈভব, জেতেন সিরিজ সেরার পুরস্কার। সাপ্তাহিক এই হালনাগাদে ব্যাটারদের তালিকায় এক লাফে ২৩০ ধাপ এগিয়েছেন তিনি। ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বৈভব এখন উঠে এসেছেন ৪৮ নম্বরে।
এই একই সিরিজে ব্যাটারদের শীর্ষে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন ভারতের বাঁহাতি ওপেনার ঈশান কিষান। দ্বিতীয় ম্যাচে ৮১ রানের ইনিংস খেলে তিনি ক্যারিয়ারসেরা ৯১৬ রেটিং পয়েন্ট অর্জন করেন, যা টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেটিং। সিরিজ শেষে তার রেটিং দাঁড়িয়েছে ৯১০, যা দুইয়ে থাকা সাহিবজাদা ফারহানের (৮৪৮) চেয়ে অনেক বেশি। এই পথে ক্যারিয়ার রেটিংয়ে বিরাট কোহলি (৯০৯) ও সূর্যকুমার যাদবকে (৯১২) পেছনে ফেলেছেন ঈশান।
ভারতীয়দের মধ্যে আরও উন্নতি করেছেন তিলক বর্মা (দুই ধাপ এগিয়ে ৬ষ্ঠ), শ্রেয়াস আইয়ার (সাত ধাপ এগিয়ে ২৪তম) এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোই (৩১ ধাপ এগিয়ে ৪১তম)। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬তম স্থানে।
টি-টোয়েন্টির বাইরে ওডিআই র্যাঙ্কিংয়ের চূড়ায় এসেছে বড় পরিবর্তন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকায় শীর্ষস্থান হারিয়েছেন। আর তাতে আবারও ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান উদ্ধার করেছেন ভারতের শুবমান গিল। চলতি বছরের জানুয়ারি থেকে শীর্ষ স্থানটি মিচেলের দখলে ছিল।
টেস্টেও দেখা গেছে বেশ কিছু পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ওভার মেডেনসহ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে (৯ম)। বোলারদের তালিকায় ২১ ধাপ এগিয়ে তিনি এখন ৪৮ নম্বরে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ফিফটি করা পাকিস্তান ব্যাটার বাবর আজম চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম স্থানে।